বুধবার গুলশানে চালু হচ্ছে ‘স্মার্ট পার্কিং’
রাজধানীর স্মার্ট নগরি হিসেবে গুলশান এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ সুবিধা চালু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই সেবার অধীনে অ্যাপ ব্যবহার করে যে কেউ এসব নির্দিষ্ট স্থানে গিয়ে গাড়ি পার্কিং করতে পারবেন।
এ ছাড়া অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের জন্য আগাম বুকিং করেও রাখা যাবে। স্মার্ট পার্কিং সেবার ফি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক কার্ড দিয়ে। এ ছাড়া পার্কিং স্থানে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। তবে যাদের এসব সুবিধার জন্য ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই তাদের পার্কিং কার্ড দেওয়া হবে। আর সেখান থেকেই পার্কিং চার্জ কেটে নেবে কর্তৃপক্ষ।
সূত্রমতে, প্রথমে গুলশানের ৪৬, ৫২, ৫৮, ৬২, ৬৩, ৬৪ ও ১০৩ সড়ক, গুলশান-২ এর কাঁচাবাজারের আশপাশের সড়কে এই স্মার্ট পার্কিং সেবাটি চালু হতে যাচ্ছে। একেকটি পার্কিংয়ে প্রাথমিকভাবে ২০২টি গাড়ি স্মার্ট পার্কিংয়ের মাধ্যমে পার্কিং করতে পারবে। পরবর্তীতে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় বিস্তৃত করা হবে এ সেবা।
বুধবার (৮ নভেম্বর ২০২৩) সকালে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, যত্রতত্র পার্কিং করে যাতায়াতের পথে বিঘ্ন সৃষ্টি ও জরিমানা না দিয়ে ঘণ্টাপ্রতি টাকা পরিশোধ করে ‘ডিএনসিসি স্মার্ট পার্কিং’ অ্যাপের মাধ্যমে সড়কের পাশে পার্কিংয়ের ব্যবস্থা চালু করছে ডিএনসিসি। ফলে এই অ্যাপের মাধ্যমে গাড়ির মালিক বা চালক দেখতে পাবেন আশপাশে কোথায় পার্কিং স্লট ফাঁকা আছে। পরে সেখানে গিয়ে অ্যাপ ব্যবহার করে যে কেউ তাদের গাড়ি পার্কিং করতে পারবেন। পাশাপাশি বাসা থেকে বের হওয়ার সময়ও গাড়িটি যেখানে যাবে তার আশপাশে নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জায়গায় পার্কিং করার জন্য বুকিং দিয়ে রাখা যাবে এর মাধ্যমে। পার্কিংয়ে যেন বেশি সংখ্যক মানুষ সুবিধা পায় সেজন্য প্রথম দুই ঘণ্টা পার্কিং ফি নির্দিষ্ট রাখা হলেও এর পরের ঘণ্টা থেকে ফি বাড়িয়ে দেওয়া হয়েছে।







